‘পুরনো শাড়ির ভাঁজে লেখা যত ভালোবাসা/পৃথিবীর মায়া ছেড়ে সুদূরে বেঁধেছো বাসা/অপেক্ষায় থেকো তুমি আমিও আসব জেনো/তোমার সঙ্গে আবার ঘর বাঁধব কখনো…’ এমনই কথায় হারিয়ে ফেলা প্রিয়জনের উদ্দেশে নতুন গান বেঁধেছেন আসিফ। গানের সুর ও সংগীতায়োজন করেছেন শিল্পী নিজেই। ব্ল্যাংক বক্স কমিউনিকেশন থেকে গানটির ভিডিও নির্মাণ করেছেন ইশতিয়াক মাহমুদ।
আসিফ বলেন, ‘গানটিতে মেলোডিকে প্রাধান্য দিতে চেষ্টা করেছি। এটি সেমি ক্ল্যাসিক ঘরানার গান। সুর ও কথায় নষ্টালজিক আবহ আছে। যারা কখনো ভালোবেসেছেন কিন্তু কোনো কারণে ঘর বাঁধতে পারেননি তারা গানের কথায় নিজেকে খুঁজে পাবেন। আমি আমার চেষ্টায় ত্রুটি রাখিনি। বাকিটা দর্শকশ্রোতারা বলবেন।’
প্রযোজনার পাশাপাশি গানটির মিক্স, মাস্টারিং ও সার্বিক আয়োজনে ছিলেন পাভেল অরিন। ‘পুরনো শাড়ি’ গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘আসিফ আলতাফ বরাবরই ব্যাতিক্রমী কথা ও সুরে গান করে। তার গায়কিও হৃদয়গ্রাহী। পুরনো শাড়ি গানটি হৃদয়স্পর্শী লেগেছে আমার কাছে। বিশুদ্ধ, এক্সপেরিমেন্টাল কাজ করার নেশা বহু আগে থেকেই, আসিফ আলতাফের এই গানটি আমার ফাইনেস্ট কাজগুলোর অন্যতম বলে মনে হয়েছে।’
প্রসঙ্গত, সাধারণত নিজের লেখা ও সুরে গান গেয়ে থাকেন আসিফ আলতাফ। জীবনমুখী গানের পাশাপাশি আধুনিক প্রেম-বিরহ তার গানে উঠে আসে সময়ের কণ্ঠস্বর হয়ে। তার ‘কাঁটাতার’ শিরোনামের গানটি দুই বাংলায় প্রশংসিত হয়েছে। এর আগে আসিফের কণ্ঠে ‘জুতো’ শিরোনামের গানটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। এছাড়াও গত বছর লকডাউনের সময় পশ্চিমবঙ্গের শিল্পী লগ্নজিতার সঙ্গে গেয়েছেন ‘দূরত্ব’ নামের একটি গান, যা ঢাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে। প্লেব্যাক শিল্পী ন্যান্সির সঙ্গে গাওয়া আসিফের ‘সুবহে সাদিক’ গানটি শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছে।
পুরনো শাড়িআসিফ আলতাফ